অচিন্ত্য ভট্টাচার্য স্যারের কবিতা

ডানা-ভাঙা পাখি

হলদে-পাখি, এমনি করে

হারিয়ে গেলে কেন?

খুঁজি তোমায় বন-বাদারে

জংলা ঝোপে-ঝাড়ে

সরষে খেতের হলুদ বাঁকে

তোমার ছায়া যেন

ঝুরে ঝুরে পড়ছে ঝরে

নীরবে নিঃসারে৷

তোমায় খুঁজি আলোয় আলোয়

তোমায় খুঁজি মায়ায়

তোমায় খুঁজি শেষ বিকেলের

গভীর ছায়াপাতে

তোমায় খুঁজি অতল গহীন

শান্ত দিঘির কায়ায়

তোমায় খুঁজি নীরবতায়

স্বপ্ন-মধুর রাতে৷

হলদে-পাখি, তুমি আছো

আমার হৃদয় জুড়ে

তুমি আছো মন-আকাশের

তারার ঝাঁকে ঝাঁকে

তুমি আছো বুকের মাঝে

ভালোবাসায় মুড়ে

তুমি আছো তেপান্তরের

মাঠের বাঁকে বাঁকে৷

হয়তো তোমায় পাবোনা আর

হারিয়ে গেলে তুমি

শিশিরভেজা ফুলের গন্ধে

মধুর- বিধুর রাতে

ডানা-ভাঙা হলদেপাখি

নিংড়ে হৃদয়-ভূমি

আকুল হয়ে কাঁদবে শুধু

বিষণ্ণ-সম্পাতে৷