প্রতি বছর ঈদ এলে আমরা এই কবিতাটি স্মরণ করি। কবি শাহজাহান শিকদার ভাইয়ের এই কবিতার প্রতিফলন ঘটুক প্রতিজনে প্রতিমনে। ঈদ মুবারাক।

কবিতা: ঈদ যেন হয়

লেখক—মোঃ শাহজাহান শিকদার

===================

ঈদ যেন হয় নিদ ভাঙার

অহংকার আর জিদ ভাঙার।

ঈদটা যেন সখ্য হয়ে

সাম্য-পথের লক্ষ্য হয়ে

সকল শ্রেণীর পক্ষ হয়ে

এক কাতারে দাঁড়ায়,

সমানভাবে সব ব্যথিতের

সম্মুখে হাত বাড়ায়।

ঈদ যেন দেয় মুক্ত জীবন

দূর করে দেয় শয়তানি,

ঈদ যেন দেয় সবার মনের

সব ভেদাভেদ কোরবানি।

ঈদ করে দিক সফলভাবে

সব হতাশার অবসান,

হিংসা ভুলে ঈদ যেন গায়

সব মানুষের জয়োগান।

ঈদ যেন হয় মান ভাঙার,

ধনী-গরিব-মধ্যবিত্ত

পাথর-সম বান ভাঙার।

শ্রেণি-সংগ্রাম জিইয়ে রেখে

কোন জনতার কি-জয় হয়?

কণ্ঠ যেন মৌন হয়ে

পোশাক যেন গৌণ হয়ে

ঈদ-মিলনের মধ্য দিয়ে

মানবতার বিজয় হয়।

ঈদ যেন হয় জাত ভাঙার

কুলাংগারের হাত ভাঙার,

ঈদ যেন হয় সব সমাজের

অবৈধ বিষ-দাঁত ভাঙার।

===================================


শাহজাহান শিকদার এর কবিতা
হে মণিব…

তোমার মোহে মত্ত হবো
মিথ্যা ছেড়ে সত্য হবো
সারা জীবন গেয়ে যাবো
তোমার প্রেমের গান,
তোমার লোভে সইতে পারি
সকল অসম্মান।
তোমায় ভাবি দিবা-নিশি
তোমার গুণে মুগ্ধ, খুশি
তুমি ছড়াও মনের ভেতর
গভীর আলোড়ণ,
তোমার কৃপায় সুস্থ জীবন
প্রশান্ত হয় মন।
পাপ হয়েছে অনেক জমা
তোমার কাছে চাইছি ক্ষমা
তুমি ছাড়া কোথাও যেন
হয় না মাথা নত,
তোমার দয়ার জন্য আমি
প্রার্থী অবিরত।
আর কেউ নাই তুল্য তোমার
হয়না সমান মূল্য তোমার
তুমি আমার অনুভবে
থাকছো সারাক্ষণ,
তোমায় দিলাম আমার সকল
সত্তা বিসর্জন;
আল্লাহ তুমি কবুল করো
আমার হৃদয়-মন।